,

ফেসবুকে ক্ষোভ ঝেড়ে দল ছাড়লেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, ফেনী: ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন দল থেকে অব্যাহতি নিয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নিজের আইডি থেকে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে এ সিদ্ধান্ত নেন তিনি।

অব্যাহতি নেওয়া কফিল উদ্দিন মামুন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মামুন লেখেন, আমরা কিন্তু শুধুই ১৭ বছর নয় সেই জয়নাল হাজারীর (তৎকালীন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য) আমল থেকেই যুদ্ধ করে আসছি, নির্যাতন, জেল-জুলুম, ফেরারি জীবন যাপন করেছি। এই দলের জন্য দুই ভাই শহীদ হয়েছে। কি নির্মম নির্যাতন করে আমার ভাইকে হত্যা করেছে, তা নিশ্চয়ই দলের নেতাসহ তৃণমূলের সকলেই জানেন। তবুও পালিয়ে যাইনি। শুধু আজকে দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেখব বলে। কিন্তু তাই বলে জেলার নেতারা যা ইচ্ছে তা সিদ্ধান্ত নিতে পারেন না। যাকে ইচ্ছে তাকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করবেন।

তিনি উল্লেখ করেন, আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আপনারা এভাবে নষ্ট করতে পারেন না। আপনারা কি পারবেন আমার ভাইদের ফিরিয়ে দিতে? এই প্রশ্ন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ভাইসহ সংশ্লিষ্ট সকলের নিকট রইল। গত আট নয় মাসে অনেক সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কমিটি হয়েছে যেখানে অনেকেই অধিষ্ঠিত হয়েছেন। যারা বিগত ১৭ বছর কোন আন্দোলন সংগ্রামে তো ছিলই না শুধু তারা আমাদের দেখলেই এড়িয়ে চলতো, অথচ আপনারা কোন প্রকার প্রতিকার করেননি।

তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের সিদ্ধান্তের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি। খানে সেলিম সাহেবদের জয় জয়কার যেখানে ত্যাগীরা নিগৃহীত সেখানে ভালো কিছু আশা করা যায় না। তাই আমি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী মামুন লিখিতভাবে দলকে কোনো কিছু জানায়নি। তবে শুনতে পেয়েছি সে নাকি তার ফেসবুক আইডিতে অব্যাহতির পোস্ট দিয়েছেন।’

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে কফিল উদ্দিন মামুন বলেন, ‘আমার দুই ভাই শুধুমাত্র বিএনপি করার কারণে যুবলীগ-ছাত্রলীগের গুলিতে মৃত্যুবরণ করেছে। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারীর স্টিয়ারিং বাহিনীর গুলিতে আফতাব উদ্দিন সুমন ও রেজাউল করিম তুহিনকে হত্যা করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের বড় ভাই সাইফুদ্দিন ইরান আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে বিগত প্রায় ২৭ বছর ধরে দেশান্তরিত ছিলেন।’

এই বিভাগের আরও খবর