,

টুঙ্গিপাড়ায় আবারও দুই বিএনপি নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আবারও বিএনপির দুই নেতা দল থেকে পদত্যাগ করেছেন। তারা উপজেলার কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে আনিস লস্করের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন- কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর ও একই ওয়ার্ডের নেতা মো. বাবর মোল্লা। তাঁরা দুজনই রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিস লস্কর বলেন, ‘আমরা আজীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু গত ৫ আগস্টের পর আমার ছেলেদের বিরুদ্ধে এনসিপি ও হত্যা মামলা এবং জিলানীর বাড়ি ভাঙচুরের মামলা দিয়ে হয়রানি করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আমাদের পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির শিকার হয়ে এবং কোনো উপায় না পেয়ে চরম ভয়ের মধ্যে বিএনপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু এ দলে যোগ দেওয়ার পর থেকে দলটির কর্মকাণ্ড ও কার্যকলাপ আমার কাছে ভালো লাগেনি। তাই সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় আজ থেকে বিএনপি থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থাকব না।’

অপর পদত্যাগকারী মো. বাবর মোল্লা বলেন, ‘আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছিল। সেই ভয়ে বাধ্য হয়ে বিএনপিতে যোগ দিয়েছিলাম। আজ সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে ও স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।’

স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

এই বিভাগের আরও খবর