জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে বৃহস্পতিবার (২৯-অক্টোবর) দিনগত রাতে অভিযুক্ত সাহেদ তালুকদারকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সৌরভ ট্রেডার্স’-এর কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি বিভিন্ন সময় হুমকি দিতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের সাইনবোর্ড থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।