,

ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে জয়পুরহাটের কালাই উপজেলার শেষ প্রান্তে একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন আওয়ামী লীগ নেতা হাজী মজনু সরকার (৪৬)।

অবশেষে শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ অভিযানে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়।

মজনু সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার আলীগ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সীমান্তবর্তী এলাকার ওই ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন তিনি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর