,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা

জেলা প্রতিনিধি, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে তিনটি স্থানে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার সকালে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা মাদ্রাসা রোড, আলকরা ইউনিয়নের লাটিমী এবং কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় এসব ঘটনা ঘটে। এতে কয়েক দফায় চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা এলাকায় একটি বড় কড়ইগাছের বেশির ভাগ অংশ কেটে সড়কে ফেলে রাখা হয়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে ফেলেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আলকরা ইউনিয়নের লাটিমী রাস্তার মাথা এলাকায় স্থানীয় কৃষক তাহের আহমেদ একটি কড়ইগাছের বেশির ভাগ অংশ কাটা অবস্থায় সড়কের দিকে ঝুঁকে থাকতে দেখেন। তিনি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করেন। এ সময় চট্টগ্রামমুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বেলা দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ছাড়া কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারে ফুড ভিলেজের সামনে একইভাবে একটি গাছের বেশির ভাগ অংশ কেটে সড়কের দিকে ঝুঁকিয়ে রাখা হয়। স্থানীয় লোকজনের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি সরিয়ে নেন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মেহেদি হাসান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে গাংরা, লাটিমী ও নোয়াবাজার এলাকায় গিয়ে গাছগুলো অপসারণ করা হয়েছে। গাছগুলোর বেশির ভাগ অংশ কাটা থাকায় যেকোনো সময় সড়কে ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারত। এ সময় চট্টগ্রামমুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোছাইন বলেন, মহাসড়কের তিনটি স্থানে গাছের বেশির ভাগ অংশ কেটে রাখা হয়েছিল। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর