জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিনজন কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল ছুড়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক শরিফুল আলম।
তিনি বলেন, মোটরসাইকেলে করে তিনজন এসে সড়ক থেকে কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আশপাশের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে। ভিডিও দেখে ককটেল ছোড়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, কারাগারের ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা কেন ঘটানো হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।