,

গোপালগঞ্জে পিকআপ চাপায় স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলায় পিকআপের চাপায় আহত শিবা বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় সে আহত হয়।

নিহত শিবা বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামের ধীমান বিশ্বাসের ছেলে। সে টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

সাতপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কৌশিক কীর্তনীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিবা মোটরসাইকেল চালিয়ে পাটকেলবাড়ির সংযোগ সড়ক থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে উঠতেছিল। এ সময় টেকেরহাট থেকে খুলনাগামী মুরগীবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে শিবার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর