,

গোপালগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাংচুর করা হয়।

আজ সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাটের গোলচত্ত¡র এলাকায় চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান (১৯), শাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা (৪০), কবীর মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (৩৭) ও চাঁন মোল্লার ছেলে রাকিবুল মোল্যা (৩২) । সবার বাড়ি চরমানিকদাহ গ্রামে। এছাড়া দেশীয়অস্ত্রের আঘাতে একাধিক ব্যক্তি গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন শহরের গোলচত্বর এলাকায় জড়ো হয়। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সেখান থেকে সরে যান।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই বিভাগের আরও খবর