বাসস: গোপালগঞ্জে হামলার শিকার চিকিৎসক ডা. অসীম কুমার ধরের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে আহত ডা. অসীমের খোঁজখবর নেন।
বিএনপি মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
এসময় ডা. অসীমের চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত শোনেন।
একইসঙ্গে তিনি ডা. অসীম কুমারের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি ডা. অসীমের দ্রুত সুস্থতা কামনা করেন।
ডা. বিটু বলেন, দায়িত্ব পালনরত একজন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকরা মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করেন।
রোগীর স্বজনদের প্রতি সহনশীল ও ধৈর্যশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সহমর্মিতা বজায় থাকলে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও সুন্দর ও নিরাপদ হবে।
ডা. বিটু আরও বলেন, এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে।
বিশিষ্ট ইন্টারভেনশনাল এই কার্ডিওলজিস্ট বলেন, চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি হাসপাতালে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এসময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, উপপরিচালক অধ্যাপক ডা. এস এম ই আল বাকের, সহযোগী অধ্যাপক ডা. মো. সারওয়ার হোসেন, ডা. মো. ওয়াসিম, ডা. আমিনুর রাজ্জাক, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান, ডা. সামিউর রহমান শাহ, ডা. মো. তফিজুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে রোগীর স্বজনদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার শিকার হন ডা. অসীম কুমার ধর।
প্রত্যক্ষদর্শীদের মতে, এসময় রোগীর স্বজনরা চেয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে আহত হয়ে তিনি বুকে ব্যথা ও চাপ অনুভব করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ডা. অসীম আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন।