,

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি, বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, দুই থেকে তিনজন অজ্ঞাতনামা যুবক বিএনপির ওই কার্যালয়ে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

এ ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে তাদের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, কে বা কারা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর