,

`ফ্যাসিস্ট সরকারের দোসররা কাশিয়ানীতে ষড়যন্ত্র করছে’-সেলিমুজ্জামান


জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘গত ৫ আগস্ট জনগণের আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তুু তাদের দোসররা এখনও রয়ে গেছে। তারাই কাশিয়ানীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়েছে। কেউ প্রতিবাদও করতে পারেনি। আমি কথা দিলাম আপনারা আগামীতে শান্তিতে ভোট কেন্দ্র গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।’-এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে কাশিয়ানী উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে মহেশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ৩৮ বছর আমি রাজনীতির সাথে জড়িত। ছাত্রজীবন থেকেই বিএনপির করে আসছি। বিগত আওয়ামী লীগের শাসনামলে প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক মামলার আসামি হয়েছি। ৪০টির মত মামলায় খালাস পেয়েছি। বাকি মামলা বিচারাধীন রয়েছে। আমি দলের দুর্দিনে দলের সাধারণ নেতাকর্মীর পাশে ছিলাম। এখনও আছি, ভবিষ্যতেও পাশে থাকবো।’

মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদৎ চৌধুরীর সভাপতিত্বে কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, কাশিয়ানী উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ, ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু, মহেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর