কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা ঘোনাপাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে রাতইল ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঘোনাপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক লাঁলচান ফকির, রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এ অপশক্তিকে প্রতিহত করা হবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সদা প্রস্তুত রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানান।