সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌর শহরের কামারখাল ব্রিজ সংলগ্ন পুরাতন বাসস্টেশন এলাকায় পূর্ববিরোধের জেরে শাহ আরফিন রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় মালিক ও হোটেলের বাবুর্চি এক নারীসহ ৩ জন আহত হন। তারা এ সময় ক্যাশের থালা ভেঙে রক্ষিত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভাঙচুরের ঘটনা পর্যবেক্ষণ করে বড়পাড়া এলাকা থেকে একজনকে আটক করে।
আহতরা হলেন- হোটেল মালিক সমছুল মিয়ার ছেলে বড়পাড়া এলাকার মো. রাসেল মিয়া(২২), সোনাই মিয়ার ছেলে হৃদয় মিয়া(২১) ও এক নারী বাবুর্চি বড়পাড়ার মৃত আব্দুল সমাদের স্ত্রী ছায়েদা বেগম (৩৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় মো. আব্দুল মতিনের নেতৃত্বে বড়পাড়া এলাকার মৃত আলী ফরিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ, তার সহোদর আলী আশরাফ, তেঘরিয়া এলাকার হুজাইফা, জয়ের মিয়া, শিশির, আবুল হাসান, শায়েখ মিয়া, তৌহিদ গংরা পূর্ববিরোধের জেরে এই রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালায়। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মো. আব্দুল মতিনকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।