মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আকতার হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতার হোসেন একই উপজেলার হিজলবাড়িয়া গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গম মাড়াই করা হপার নিয়ে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে কুষ্টিয়াগামী বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় হপার চালক আকতার ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বেপরোয়া ট্রাকটি তার মাথার ওপর দিয়ে গেলে মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।