,

কাশিয়ানীতে অনুমতি ছাড়াই গাছ কেটেছে স্কুল কর্তৃপক্ষ

কাশিয়ানী উপজেলার হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ গাছ কেটেছে অনুমতি ছাড়াই। ছবি-বিডিনিউজ টেন।

লিয়াকত হোসেন লিংকন:  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৩৪ নং হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের গাছ কেটে ফেলেছে।

স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মহেশপুর ইউনিয়নের হিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অমান্য করে বিদ্যালয়ের ৬টি মেহগনি গাছ কেটে ফেলেছেন। তাঁরা বিদ্যালয়ের গাছগুলো কেটে বিক্রির চেষ্টা করে এলাকাবাসীর হস্তক্ষেপে ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এক সদস্য বলেন, ‘গাছগুলো কেটে প্রধান শিক্ষিকা ও স্কুল পরিচালনা কমিটির কতিপয় সদস্যরা বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এলাকাবাসীর বাঁধার কারণে গাছগুলো বিক্রি করতে না পারায় তাদের সে চেষ্টা ভেস্তে গেছে।’

এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. বরকত শেখ বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য জন্য আমরা গাছগুলো কেটেছিলাম। তবে প্রশাসনের অনুমতি না নিয়ে আমরা গাছ কেটে ভুল করেছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে গাছগুলো কেটেছি। তবে লিখিত অনুমতির কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তবে অনুমতি ছাড়া গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর