,

সহিংসতার প্রতিবাদে মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের সোনালী ব্যাংক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন ও উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, মুকসুদপুর থানা এবং দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। রাজনৈতিক বিরোধ বা মতপার্থক্যের কারণে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

বক্তারা আরও বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কোনো পক্ষের সহিংস কর্মকান্ড গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর