জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৮) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার ঢাকা—বরিশাল মহাসড়কের উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হন। গুরুতর আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় তাঁর ব্যবহৃত গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।