জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: পাংখারচর গ্রামের বাসিন্দা জামাল হোসেন (৪৫)। নিজের তিন বিঘা আর অন্যের চার বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। ৭ বিঘা জমির ওপর নির্ভর করেই চলতো তাঁর সংসার। কিন্তু মধুমতি নদীর ভাঙনে ৪ বিঘা জমি হারিয়ে গেছে। বাকি জমিটুকুও নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তিনি। শুধু জামাল সরদারই নন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর এলাকায় মধুমতি নদীর ভাঙনে অসংখ্য কৃষক জমি হারিয়েছেন। এখনও জমি হারানোর শঙ্কায় রয়েছেন কয়েক শ’ কৃষক।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পাংখারচর এলাকায় মধুমতি নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ৩০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফসলি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক। ভাঙনের মুখে রয়েছে আরও শত শত বিঘা ফসলি জমি, রাস্তা-ঘাট ও বসতবাড়ি। এসব জমিতে বোরো ধান, আমন ধান, আবার কোথাও আখসহ বিভিন্ন ফসলের আবাদ রয়েছে। ভাঙন অব্যাহত থাকায় শঙ্কিত স্থানীয় কৃষকেরা।
কৃষক আমিনুর রহমান বলেন, ‘ভাঙন রোধ করা না গেলে আমাদের শেষ সম্বলটুকুও রক্ষা করতে পারবো না। মধুমতি নদী ধীরে ধীরে আমাদের সব জমি গ্রাস করে নিচ্ছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অনেক কৃষককে পথে বসতে হবে। জমি হারালে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। আমরা গরিব মানুষ, জমিটুকুই আমাদের একমাত্র সম্বল। সরকারের কাছে আমাদের আকুল আবেদন দ্রুত নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করুন। তা না হলে আমাদের ভিটেমাটি ও ফসলি জমি সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’
কৃষক মো. মনিরুজ্জামান বলেন, ‘চোখের সামনে আবাদি জমি নদীতে ভেঙে যাচ্ছে। কিছুই করতে পারছি না। এই জমি চাষাবাদ করেই আমাদের সংসার চলে। একের পর এক জমি নদীতে বিলীন হচ্ছে। বাকি জমিটুকুও হারানোর ভয় করছি। জমি না থাকলে পরিবার নিয়ে কীভাবে বাঁচব, কী খেয়ে চলব। নদীভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জমিগুলো রক্ষা করা হোক।’
গোপালগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ সহকারী প্রকৌশলী মো. হাসান আহমেদ বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে ভাঙনকবলিত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’