জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও জাহিদের স্বজনরা।
এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ জুলাই দুপুরে স্কুল শিক্ষার্থী জাহিদ হাসান ছুটি শেষে বাড়ি ফেরার পথে কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।