,

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ধর্ষণের কাজে সহায়তা করার অপরাধে মামলার দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাসকেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোর্শেদ আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের রায়ে দণ্ডিতদের অর্থদণ্ড থেকে প্রাপ্ত টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিজ্ঞ পাবলিক প্রসিকিউটার মো. তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩ অক্টোবর কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামে এই ঘটনা ঘটে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই নাবালিকা ছাত্রীকে তালের পিঠা বানানোর প্রলোভন দেখিয়ে কৌশলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে উজ্জ্বল বিশ্বাস। আর এ অপরাধে তাকে সম্পূর্ণ সহায়তা করেন দ্বিতীয় আসামি কল্পনা বিশ্বাস।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

এই বিভাগের আরও খবর