,

অসহায় নারীর জমির ধান কেটে দিলেন এমপি জিলানী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: শ্রমিক সংকট ও অতিরিক্ত মজুরির কারণে নিজের জমির ধান কাটতে পারছিলেন না তিন কন্যা সন্তানের জননী অসহায় বিধবা নারী নমিতা বিশ্বাস (৫০)। এমন খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার পাশে দাঁড়ালেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

আজ বুধবার (১৩ মে) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে নমিতা বিশ্বাসের দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন তিনি ও তার নেতাকর্মীরা।

এমপি এসএম জিলানী এ সময় ঘোষণা দেন, আগামী এক সপ্তাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে অসহায় ও দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলতে কাজ করবেন তারা।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিপক চন্দ্র মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিধবা নমিতা বিশ্বাস বলেন, ‘আমার স্বামী মারা গেছেন। তিন মেয়ে নিয়ে খুব কষ্টে জীবন চলছে। শ্রমিকের মজুরি অনেক বেশি হওয়ায় জমির ধান কাটতে পারছিলাম না। এমপি সাহেব লোকজন নিয়ে এসে আমার ধান কেটে দিয়েছেন। এতে আমি অনেক উপকার পেয়েছি। আমি তার প্রতি কৃতজ্ঞ।’

এমপি এসএম জিলানী বলেন, ‘চলতি মৌসুমে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। অনেক কৃষক টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাই তাদের পাশে দাঁড়াতে আমরা এ উদ্যোগ নিয়েছি। মানুষের দুঃসময়ে পাশে থাকাই আমাদের দায়িত্ব।’

এই বিভাগের আরও খবর