,

‘গোপালগঞ্জের উন্নয়ন পরিকল্পনা’ নিয়ে সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে এবং অসম্পূর্ণ প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। গোপালগঞ্জ এখন আর কোনো ‘বিশেষ জেলা’ নয়। অতীতে কী হয়েছে, সেই কারণে সাধারণ মানুষ যেন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত না হন, সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

আজ সোমবার (১১ মে) গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছেন।

সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর এবং এস এম জিলানী উপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।

গোপালগঞ্জ-১ আসনের সাংসদ সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘গোপালগঞ্জের অধিকাংশ উন্নয়নমূলক কাজ বর্তমানে বন্ধ হয়ে আছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে জেলার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না।’ রাজনৈতিক ভিন্নমত বা অতীতের কারণে কোনো জেলার উন্নয়ন থেমে থাকতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, ‘গোপালগঞ্জের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই প্রধানমন্ত্রী জেলার চলমান ও অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামো খাতের গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’

তিনি আশা প্রকাশ করেন, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে গোপালগঞ্জকে আবারও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে এবং জেলার মানুষ শিগগিরই এর সুফল ভোগ করতে পারবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, গোপালগঞ্জের এলজিইডির নির্বাহী নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক এবং গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর