,

গোপালগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, আমাদের দেশের মাটি এতোই উর্বর যে এখানে একটি বীজ ফেললেই গাছ হয়ে যায়। শুধু প্রয়োজন পানির ব্যবস্থা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়টি বুঝেছিলেন, আর সেটিই উপলব্ধি করেছেন আমাদের নেতা তারেক রহমান। পানির ব্যবস্থা করে দিতে পারলে এই মাটিতে সোনার ফসল ফলবে। এ লক্ষ্যেই আজ দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এতে কৃষকের ব্যাপক উপকার হবে। পরীক্ষা-নিরীক্ষা করেই সারাদেশে একযোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জেলায় ৫৪টি খাল কাটার কর্মসূচির উদ্বোধন করেছেন। ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এ ধরনের খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালেও দেশের মানুষের কল্যাণে খাল খননের গুরুত্ব অনুধাবন করে সারাদেশে এ ধরনের কাজ পরিচালনা করেছিলেন।

তিনি আরও বলেন, ‘এই খাল খননের মাধ্যমে সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ও কাজুলিয়া ইউনিয়নের প্রায় ৩০ বর্গকিলোমিটার এলাকার পানি নিষ্কাশন সম্ভব হবে। পাশাপাশি প্রায় এক হাজার ৭০০ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করা যাবে। ফলে এলাকায় কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রায় ৪ দশমিক ৯৫ কিলোমিটার খাল সংস্কার করা হবে এবং এতে ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে মাথায় ঝুড়ি নিয়ে মাটি কাটার শ্রমিকদের জন্য ১৩ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাকি অংশ স্ক্যাভেটর দিয়ে খনন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানী।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে ধুরাল খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর