জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জুর পক্ষে ফুকরা ইউনিয়নে দিনব্যাপী ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন তার কর্মী-সমর্থকরা।
গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফুকরা বাজার, তারাইল বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও পাড়া-মহল্লায় এ প্রচারণা চালানো হয়।
গণসংযোগকালে প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং এম এইচ খান মঞ্জুকে উন্নয়নমুখী ও জনবান্ধব প্রার্থী হিসেবে তুলে ধরেন। এ সময় ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তারা।
প্রচারণায় অংশ নেওয়া বদরুল আলম বলেন, ‘এলাকার অবহেলিত জনপদ ও অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। এম এইচ খান মঞ্জু নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব গড়ে তুলতে তার মতো যোগ্য প্রার্থীর বিকল্প নেই।’
প্রচারণা চলাকালীন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ ভোটাররাও প্রার্থীর সমর্থনে মাঠে নেমে আসায় পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।