,

স্বতন্ত্র প্রার্থী এমএইচ খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এইচ খান মঞ্জুর নির্বাচন পরিচালনা কমিটি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার এবং ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শহরের লঞ্চঘাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নিজস্ব বাসভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জামাল উদ্দিন শেখ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, ‘হরিণ’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান মঞ্জু একজন বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে নির্বাচনী এলাকায় ব্যাপক ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে। এই জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. কে এম বাবর আলী ও তাঁর সমর্থকরা নানা অপপ্রচারে লিপ্ত হয়েছেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করে জামাল উদ্দিন শেখ বলেন, জেলা প্রশাসন স্কুলের সামনেসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় রঙিন বিলবোর্ড ও পোস্টার টাঙিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা বা মামলার ভয় দেখিয়ে মুক্তিযোদ্ধা এম এইচ খান মঞ্জুকে জনগণের ভালোবাসা থেকে বিচ্যুত করা যাবে না। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে গোপালগঞ্জের সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে সকল অপকর্মের উপযুক্ত জবাব দেবে। প্রচারণায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ কামনা করেন।

এই বিভাগের আরও খবর