জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জকে একটি আধুনিক, স্বনির্ভর ও বেকারমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএইচ খান মঞ্জু। তিনি বলেন, ‘শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণ সমাজকে কর্মসংস্থানের আওতায় আনাই আমার মূল লক্ষ্য।’
আজ শুক্রবার (৩০ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে এমএইচ খান মঞ্জু বলেন, ‘আমাদের জেলার প্রধান সংকট হলো বেকারত্ব। শিক্ষিত তরুণরা আজ দিশেহারা। আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো এবং উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।’
গোপালগঞ্জের মাটির উর্বরতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কৃষিভিত্তিক শিল্প, ফিশারিজ এবং ডেইরি ফার্ম স্থাপনের মাধ্যমে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। সঠিক প্রশিক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমাদের সন্তানদের আর চাকরির পেছনে ঘুরতে হবে না, বরং তারাই চাকরি দেওয়ার ক্ষমতা অর্জন করবে।’
বর্তমান জনপ্রতিনিধিদের কঠোর সমালোচনা করে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকা ব্যক্তিরা সাধারণ মানুষের উন্নয়নের চেয়ে নিজেদের ভাগ্য বদলাতেই বেশি ব্যস্ত ছিলেন। ফলে এলাকায় বেকারত্ব ও দারিদ্র্যের পাশাপাশি মাদক ও সামাজিক অপরাধের মতো ব্যধি ছড়িয়ে পড়েছে। মানুষ এখন পরিবর্তন চায়।’
গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, ‘আপনারা আমাকে একবার সুযোগ দিলে আমি কথা নয়, কাজের মাধ্যমে গোপালগঞ্জকে একটি আদর্শ ও স্বনির্ভর জেলা হিসেবে প্রমাণ করে দেখাব।’
পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।