,

গোপালগঞ্জ-১: স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের (ফুটবল প্রতীক) ব্যানার ও ফেস্টুন রাতের আধাঁরে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দি বাজার থেকে জলিরপাড় ব্রিজ পর্যন্ত এবং ঢাকা-খুলনা মহাসড়কের দুইপাশে বিভিন্ন স্থানে টাঙানো ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তার ছোট ভাই মো. তরিকুল ইসলাম সজল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘আমার ভাই আশরাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়র ছিলেন। তিনি সামাজিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। বর্তমানে তিনি একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মুকসুদপুর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বাঁশের চাটিতে টাঙ্গানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি বিভিন্ন জায়গায় আমাদের প্রচার মাইক বাজাতে বাধা প্রদান করা হচ্ছে। এসব কার্যকলাপ আচরণবিধি বর্হিভূত এবং শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা জরুরি।’

এছাড়া তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ প্রার্থী ও কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। তারা আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ কাজ করেছে। তবে এ কাজ আমাদের বিজয়কে থামাতে পারবে না। বিজয় পতাকা আমাদেরই হবে।’

এ বিষয়ে গোপালগঞ্জ-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ আশিক কবির বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি অভিযোগটি দায়িত্বরত বিচারিক কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজের কাছে জমা দেয়ার জন্য অভিযোগকারীকে বলেছি। তবে বিষয়টি আমি অবগত আছি।’

এ ব্যাপারে দায়িত্বরত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজ মো. সালাহ উদ্দিন বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় অভিযোগের সত্যতা নিরুপনের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণ সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর