,

কাশিয়ানীতে নিখোঁজের ৮দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এহসান মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র ৮দিন ধরে নিখোঁজ রয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্র। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি।

নিখোঁজ এহসান উপজেলার খায়েরহাট গ্রামের টেইলার্স ব্যবসায়ী মোশারফ মিয়ার ছেলে। সে কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন মা-বাবা। জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছের পরিবার ও স্বজনরা।

এ ঘটনায় নিখোঁজ এহসানের বাবা তিনদিন পর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে খাঁয়েরহাট গ্রামের বাড়ি থেকে বের হয় এহসান। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের বাবা।

নিখোঁজের বাবা মোশারেফ মিয়া বলেন, ‘সাত দিন হয়ে গেল, ছেলের খোঁজ পাচ্ছি না। তবে আমাদের ধারণা ও কাশিয়ানী রেলজংশন থেকে ট্রেনে করে কমলাপুর চলে গেছে। সেখানে হয়তো কোনো চক্রের হাতে পড়ে গেছে। ওর চিন্তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়ছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না। আমি আমার ছেলে ফিরে পেতে চাই।’

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া বলেন, ‘নিখোঁজের বাবা একটি সাধারণ ডায়রি করেছেন। সব থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।’

এই বিভাগের আরও খবর