জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রদীপ সরকার (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রদীপ সরকার বটবাড়ি গ্রামের মৃত ক্ষিতিশ চন্দ্র সরকারের ছেলে।
নিহতের পরিবার জানায়, ভোরে ঘুম থেকে উঠে প্রদীপ সরকার বাড়ির পুকুরঘাটে দাঁত ব্রাশ করতে যান। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। এ সময় পুকুরঘাটে তার টুথ ব্রাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হলে পরিবারের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সকাল ১০টার দিকে স্থানীয়রা জাল ফেলে পুকুর থেকে প্রদীপ সরকারের মৃতদেহ উদ্ধার করেন ।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘নিহত প্রদীপ সরকার মানসিক প্রতিবন্ধী। পরিবারের পক্ষ থেকে মৃতদেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।’