জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে বাঁধাগ্রস্থ করতে মহাসড়ক অবরোধ করায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আলিমুল হুদা জনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় গত বুধবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এরআগে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৪৪ জনকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ দুপুরে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাঁধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাঁধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় ৭৪ জনের নাম উল্লেখ ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।