জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে গভীর রাতে বাসের ধাক্কায় ইয়াসিন মোল্যা (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দেড় টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলা লতিফপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্যার ছেলে।
শুক্রবার সকালে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যশোর থেকে আম নিয়ে গোপালগঞ্জে ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ইয়াছিন সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামত করছিলেন। এ সময় পিছন থেকে যাত্রীবাহী একটি অজ্ঞাত বাস এসে ট্রাককে ধাক্কা দেয়। এতে ইয়াছিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।