জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে সরকারি জমির গাছ কাটার অভিযোগ উঠেছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সরদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। জাহিদ উপজেলার ছোট বনগ্রামের মোতালেব সরদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের সংলগ্ন ২৫২ বর্গফুট জমি সরকারিভাবে বন্দোবস্ত নিয়ে সেখানে ঘর তুলে ব্যবসা করছেন একই গ্রামের এস এম নাসির মাহমুদ। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল সরদারের বাবা নাসিরের ঘর ভেঙে সরকারি জমি দখল করে ঘর তুলেছেন। ওই জমিতে থাকা লক্ষাধিক টাকা মূল্যের দুটি গাছ কেটে ফেলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মোতালেব সরদার বলেন, ‘আমার ছেলে ছাত্রদল নেতা। আমার গাছ আমি কেটেছি। গাছ কাটার সময় আমার ছেলে ছিল।
এ বিষয়ে ছাত্রদল নেতা জাহিদুল সরদারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে চাননি বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন জানান, কারও ব্যক্তিগত দায় দল নেবে না। ঘটনার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি সত্য হলে তদন্ত করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মহারাজপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি জানার পর ঘটনাস্থলে সার্ভেয়ার নিয়ে মাপ দিয়েছি। এতে ঘর এবং গাছ দুটি সরকারি জায়গার মধ্যেই আছে। গাছ জব্দ করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।’
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার বলেন, বিষয়টি আমি জেনেছি। সার্ভেয়ার প্রতিবেদন দিলে ব্যবস্থা নেওয়া হবে।’