জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্রির জন্য আনা ৩০টি মরা মুরগী জব্দ করেছেন স্থানীয়রা।
তবে ঘটনার পর স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে আসেননি। কোনো ধরনের আইনি ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার ফুকরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুকরা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী হাফিজুর রহমান ৩০টি মতো মরা মুরগী বিক্রির জন্য এনে দোকানে রেখে ড্রেসিং করছিলেন। বিষয়টি স্থানীয়রা দেখে দোকান তল্লাশি করেন এবং মুরগীগুলো জব্দ করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে এসিল্যান্ডকে জানানো হলেও তিনি ঘটনাস্থলে না এসে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। পরে স্থানীয়রা কোনো প্রকার জরিমানা বা মামলা ছাড়াই ব্যবসায়ীকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড মুনমুন পাল বলেন, ‘পুলিশের দেওয়া তথ্যমতে মরা মুরগীগুলো তিনি বিক্রি করছিলেন না। এছাড়া আমিও একটু ব্যস্ত ছিলাম।’