,

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা মামলায় যুবলীগ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় দেলোয়ার হোসেন (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাটগাতী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দেলোয়ার উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পাটগাতী গ্রামের মৃত ফহম শেখের ছেলে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ করা বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এ সময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ। তখন পুলিশের গাড়ি আটকে ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পরের দিন ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

এই বিভাগের আরও খবর