জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জনের লক্ষ্যে এবং অভিজ্ঞতা সঞ্চয়ের নেশায় পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন গোপালগঞ্জের ৪ জন রোভার স্কাউট।
আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর সাড়ে ৬টায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটক থেকে তারা যাত্রা শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইর আল মাহমুদ (এএলটি) এবং রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ।
এ পরিভ্রমণ যাত্রায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩ শিক্ষার্থী রোভার ইমরান, রোভার অশোক, রোভার তরিকুল এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থী রোভার মুরছালিন অংশ নিয়েছেন।
পরিভ্রমণকারী দলটি গোপালগঞ্জ থেকে শুরু করে বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা জেলা হয়ে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে তাদের যাত্রা শেষ করবেন। ৫ দিনব্যাপী এ ভ্রমণে তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও জনসচেতনতামূলক সামাজিক প্রচারণায় অংশ নেবেন।
পরিভ্রমণ দলের নেতা ইমরান জানান, ‘এটি কেবল ভ্রমণ নয়, শিক্ষার অংশ। তিনি বলেন, ‘প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পারদর্শিতা ব্যাজ পাওয়ার জন্য এ ভ্রমণ আবশ্যক। বিনোদনের চেয়ে শিক্ষা ও পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা অর্জনই আমাদের মূল লক্ষ্য।’
আরেক সদস্য তরিকুল বলেন, ‘পরিভ্রমণের মাধ্যমে আমরা পরিবেশের খুব কাছাকাছি গিয়ে বাস্তব জ্ঞান অর্জন করি। এটি আমাদের আত্মবিশ্বাস ও সহনশীলতা বাড়াতে সাহায্য করবে এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাবে।’