,

‘হামলার শিকার’ চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী তার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আত্মীয়দের সঙ্গে জমির বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ সময় তার গাড়ির গ্লাস ভাংচুর করা হয়। হামলায় পায়ে আঘাত পেয়েছেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে ঘটনার সময় লামিয়া চৌধুরী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে এসে এসব কথা জানান।

ওই লাইভে দেখা যায়, লামিয়ার গাড়ি ভাংচুর করা হচ্ছে। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। তার গাড়িও ভাঙা হয়েছে।

যদিও পাল্টা অভিযোগ করেছেন লামিয়ার প্রয়াত ছোটমামা টিপু সুলতানের স্ত্রী লায়লা লুৎফুন্নাহার শারমিন প্রীতি। তার দাবি, জমি সংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তার ওপর হামলা চালিয়েছেন লামিয়া।

স্থানীয়রা জানান, লামিয়ার মামা টিপু সুলতান অন্তত ৯ বছর আগে মারা গেছেন। তবে তার পরিবারের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। শনিবার বিচার-সালিশ বসানো হয়। ওই সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষই হাতাহাতিতে জড়ান। তখন লামিয়ার গাড়ি ভাংচুর করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সালিশে বসে দুই পক্ষ। এ সময় চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া সেখানে ছিলেন। পরে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় হয়তো তার গাড়িতে ইট ছুড়ে মেরেছে। এই ঘটনায় লামিয়া কোনো অভিযোগ করেনি। যাদের সঙ্গে বিরোধ হয়েছে তারা তাদের আত্মীয়-স্বজন।

এই বিভাগের আরও খবর