জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ লামিশা আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১জুন) বিকেল ৩টার দিকে উপজেলার জঙ্গলমুকুন্দপুর এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এরআগের শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বোন ও প্রতিবেশি কিশোরীদের সাথে নদীতে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়।
নিখোঁজ লামিশা ওই ওই গ্রামের বাসিন্দা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লিটু খানের মেয়ে। সে এবার নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
মারা যাওয়া লামিশার পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলা জঙ্গলমুকুন্দপুর এলাকায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দিলে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কাশিয়ানী থানার ওসি খন্দকার হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শনিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করে নেমে নিখোঁজ হয় এক কিশোরী। আজ বিকেলে স্থানীয়রা তার মরদেহ নদীতে ভাসতে দেখে স্বজনদের খবর দেয়। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’