জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে ঘিরে পথে পথে সাধারণ মানুষের উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে ঢাকা-বরিশাল মহাসড়ক।
প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সকাল থেকে হাজারো বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে অপেক্ষা করেন।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড অতিক্রম করেন। এ সময় তিনি রাস্তার পাশে অপেক্ষমাণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও অভিবাদনের জবাব দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাহমুদ কবির আলী এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবিরসহ গোপালগঞ্জ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে, ফুল ছিটিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীকেও অভ্যর্থনা জানান। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনেকেই জাতীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এতে পুরো সফরপথ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে ভোর থেকেই তারা সড়কের পাশে অবস্থান নেন। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবনমান আরও উন্নত হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোতে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে যান চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
-লিয়াকত হোসেন লিংকন