,

নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে নাসির, দেলোয়ার, আহাদ ও মুসার সমর্থকদের সঙ্গে সাহেব আলী পক্ষের বিরোধ চলছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাহেব আলী পক্ষের জামির ও আফ্রিদি বাড়ি থেকে বের হয়ে শুলটিয়া ব্রিজের পশ্চিম পাশে এলে তাদের ওপর প্রতিপক্ষ দেলোয়ার, রানা,মিটু ,রোমানে নেতেৃত্বে লাঠি, রামদা, দেশি অস্ত্র নিয়ে প্রথমে হামলা চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

এতে সংঘর্ষে আলী শেখ (৪০), মফিজুর শেখ (৩১), ফয়সাল শেখ (২৭), তাজরুল শেখ (৪৪), আরিফ শেখ (৪০), জালাল শেখ (৫০), ইমরুল শেখ (২৮), জামির শেখ (২৯), আফ্রিদিসহ (৩৮) অন্তত ২০ জন মারাত্মক জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সাড়ে ৮টায় লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

সাহেব আলী জানান, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরেই বিরোধ বাধানোর জন্য চেষ্টা করছিল। অন্যদিকে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার মো. কামরুল ইসলাম জানান, কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর