,

টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফিতা কেটে ও পায়রা এবং বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলায় মোট ১২টি স্টল বসেছে। আগামী ২ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে। এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।’

এই বিভাগের আরও খবর