,

গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থককে মারধর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার ৪ সমর্থক আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে এ ঘটনা ঘটে।

বৌলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের সমর্থনে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী মাহিন্দ্রা যোগে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে রাউতখামার গ্রামে প্রবেশ করে। এদের মধ্যে ৪ জন কর্মী রাস্তায় চলাচলরত: জনসাধারণের মাঝে তাদের লিফলেট বিতরণ করতে থাকে। এ সময় বিএনপি প্রার্থী ডা. কে এম বাবরের কর্মী অন্তর মোল্লার নেতৃত্বে ১০-১৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার প্রচারণায় বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায় স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুইয়ার সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় কামরুজ্জামানের কর্মীরা উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে সেখানেও ঢুকে আবারও মারধর করে ও তাদের সাথে থাকা একটি মোবাইল ফোন এবং ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে সেনা সদস্যরাও সেখানে গিয়ে হাজির হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটি তুচ্ছ ঘটনা বলে অবহিত করে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার মামাত ভাই মো. আলমগীর হোসেন ঝন্টু বলেন, ‘এ ঘটনা শুনে আমরা তৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবহিত করি। তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে মিটিয়ে দিয়েছে। এ কারণে আমাদের কোন অভিযোগ নেই। উল্লেখ করার মতো আহতও কেউ হয়নি। কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। এটি সামান্য ঘটনা মাত্র।

গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান মুঠোফোনে বলেন, ‘এটা নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর