,

গোপালগঞ্জে ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেলের গ্রুপ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলার পাঁচটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বিত ও স্তরভিত্তিক নিরাপত্তা বলয়ের মধ্যদিয়ে নির্বাচনী সামগ্রী নিরাপদে স্ব-স্ব ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দায়িত্ব গ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ সকল নির্বাচন সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তা ও তত্ত্বাবধানে সুরক্ষিতভাবে বিতরণ নিশ্চিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড় মনিটরিংয়ের আওতায় রয়েছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রয়েছে।সম্ভাব্য সংবেদনশীল এলাকা পূর্বেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরণের শৈথিল্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

গোপালগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, আত্মবিশ্বাসের সাথে ভোটাধিকার প্রয়োগ করুন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করুন। সকলের সম্মিলিত অংশগ্রহণেই একটি নিরাপদ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে এই বিষয়ে আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী। জেলা প্রশাসন ও যৌথবাহিনী দৃঢ়ভাবে আশ্বস্ত করছে বলে ওই গ্রুপে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর