,

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেদগ্রাম এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, বাসটি মহাসড়কের ওপরই উল্টে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহী এবং বাসের ২ যাত্রীসহ ৪ জন প্রাণ হারান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় ৮ বছরের এক শিশু মারা যায়।

খবর পেয়ে গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নেয়ামুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দোলা পরিবহনের বাসটি উল্টে যাওয়ার কারণে হতাহতের সংখ্যা বেড়েছে। আমাদের টিম দ্রুত পৌঁছে উদ্ধার কাজ শেষ করেছে।’

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পুলিশি তৎপরতায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এই বিভাগের আরও খবর