জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের মামলায় আওয়ামী লীগে দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা এলাকার চৌরঙ্গী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলু ও পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঠু মোল্লা।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতন্ডা হয়। এ সময় আওয়ামী লীগ সন্দেহে সাফায়েত গাজী নামের এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছিলেন পুলিশ। তখন পুলিশের গাড়ি আটকে ভাংচুর করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পরের দিন ১০৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানা একটি মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।