জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গত কয়েক দিন ধরে আষাঢ়ের টানা বর্ষণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় সড়ক-আঞ্চলিক মহাসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব ক্ষতিগ্রস্থ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদ সংলগ্ন ব্রিজের দুই পাশ ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়া জিরো পয়েন্টে পিচ ঢালাই উঠে গিয়ে বর্ষার পানি জমে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের খানাখন্দে বৃষ্টির পানি জমে যাওয়ায় খানাখন্দের গভীরতা বোঝা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, মাঝবাড়ি-রাধাগঞ্জ সড়ক, ধারাবাশাইল-তরুর বাজার সড়ক কোটালীপাড়া-রাজৈর সড়ক টানা বর্ষণে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। এইসব সড়কের পাশ ধসে গিয়ে সড়ক দেবে গেছে। এসব সড়ক দিয়েই শত শত যানবাহন চলাচল করছে। এমন পরিস্থিতিতে সাধারণ যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ব্যবসায়ী দিদার দাঁড়িয়া বলেন, ‘মাঝবাড়ি-মান্দ্রা সড়কের পূর্ব মাঝবাড়ি নতুন মসজিদের সামনের বেইলি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার জনসাধারণ। দ্রুত মেরামত দরকার।’
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ বলেন, ‘অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্থ হচ্ছে। কয়েকটা এলাকটি পরিদর্শন করেছি। প্রবল বর্ষণের ফলে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। ব্রিজের ক্ষতিগ্রস্থ সংযোগ সড়কটি দ্রুত মেরামতের জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান করা হবে।’