,

গোপালগঞ্জে খালে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় খালে মাছ ধরতে গিয়ে বিপুল মন্ডল (৪৩) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ বিপুল মন্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।

ওই জেলেকে খুঁজে পেতে উদ্ধার কাজ চালাচ্ছে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের একটি খালে মাছ শিকার করতে যায় জেলে বিপুল মন্ডল। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। খালে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়। ধারণা করা হচ্ছে মাছ শিকার করতে গিয়ে তিনি নদীতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে রবিবার (৯ ফেব্রুয়ারি) মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত ওই জেলের সন্ধান পাওয়া যায়নি।

মাদারীপুর ফায়ার স্টেশনের লিডার লিয়াকত হোসেন বলেন, ‘বিপুল মন্ডল নামে এক জেলে নিখোঁজ হয়েছে এমন সংবাদ পেয়ে পাঁচ সদস্যের একটি দল কোটালীপাড়ায় আসি। এরপর থেকে উদ্ধার কাজ শুরু করি। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। আমরা সন্ধান পাওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’

এই বিভাগের আরও খবর