জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ঈদ-উল-আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনার অপরাধে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত অর্থও ফেরত দেয়া হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকাল থেকে বিকেল পযর্ন্ত শহরের পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ জরিমানা ও অর্থ ফেরত দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সী।
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৩টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও বলেন, দুটি বাসের যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় বাস কর্তৃপক্ষের নিকট থেকে অতিরিক্ত আদায় করা ২৫ হাজার টাকা ফেরত এনে তা যাত্রীদেরকে দেয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
-চ্যানেল ২৪