জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদকে ‘বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর’ প্রধানসহ বিভিন্ন পরিচয়ে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গত ১৭ জুলাই থেকে আজ সোমবার (২১ জুলাই) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তার সরকারি নম্বরে অকথ্য ভাষায় গালিগালজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সম্প্রতি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান পরিচয় ওসিকে এক ব্যক্তি হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
৮ মিনিট ৫ সেকেন্ডের ওই অডিও রেকর্ডে শোনা যাচ্ছে, গত ১৬ই জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় নির্যাতন ও গুলি করে হত্যার দায় ওসির ওপর চাপিয়ে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে সংযত হওয়ার কথা বলেন। এ সময় ওসি আবুল কালাম আজাদের পরিবারের অন্যান্য সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
অডিওতে ওই ব্যক্তিকে আরও বলতে শোনা যাচ্ছে-‘ওসি সাহেব মনে রাখবেন এটি গোপালগঞ্জ। এখানে কেউ বাড়াবাড়ি করে টিকতে পারেনি। কোনোদিন জামায়াত-শিবির রাজাকার ও বিএনপি কখনোই এখানে জায়গা পায়নি, পাবেও না। আমাদের যে সকল সহযোদ্ধা ভাইদের বাড়ি বাড়ি গিয়ে আক্রান্ত করছেন। বিরক্ত করছেন, ধরে এনে পায়ের তাড়ায় পেটাচ্ছেন। এটা থেকে বিরত থাকেন। একাত্তরের চেতনায় সারা বাংলাদেশে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর কমিটি গঠন করা হয়েছে।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গত ১৭ই জুলাই থেকে আজ সকাল পর্যন্ত আমার কাছে কয়েক হাজার ফোন কল এসেছে। সকলেই আমাকে ও আমার পরিবাররের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এ বিষয়ে আমি ভীত নই। এ ধরনের সমস্যা পুলিশ সব সময়ই মোকাবিলা করতে অভ্যস্ত। আমরা চোখ-কান খোলা রেখেই আইনি কার্যক্রম পরিচালনা করছি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।’
রাজনৈতিক বিশ্লেষক ও গোপালগঞ্জের সচেতন মহল মনে করেন, ‘ছাত্রলীগের প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধের কারনেই এমনটা হতে পারে। সংগঠনটি এখন আন্ডারগ্রাউন্ডে থেকেই কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আরো সচেতন হতে হবে।’