জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানী বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে পাঁচ বছর বয়সি সিধু বিশ্বাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিধু বিশ্বাস বরিশালের গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শিশু সিধু তার মায়ের সঙ্গে কোটালীপাড়ার ধারাবাশাইল গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। সোমবার সকালে বাড়ির সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।