জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাতের সভাপতিত্বে রাতইল হর্টিকালচার সেন্টারের উপপরিচালক হিরক কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, সমবায় কর্মকর্তা মোরাদ আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ এইচ এম রকিবুল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবউদ্দিন, বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
তাছাড়া ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।